KING JAMES BIBLEখুঁজুন

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের

যিহিষ্কেল 30

সব · যিহিষ্কেলখুঁজুন

1সদাপ্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হল,

2“হে মানবসন্তান, ভাববাণী বলো: ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, “ ‘বিলাপ করো এবং বলো, “হায়, সে কেমন দিন!”

3কারণ সেদিনটি নিকটবর্তী, সদাপ্রভুর দিনটি নিকটবর্তী, সেটি মেঘে ঢাকা দিন, জাতিদের শেষ সময়।

4মিশরের উপর যুদ্ধ আসবে, আর কূশের উপর আসবে দারুণ যন্ত্রণা। যখন মিশরে লোকেরা মরে পড়ে থাকবে, তার ধনসম্পদ নিয়ে যাওয়া হবে তার ভিত্তি ধ্বংস হবে।

5কূশ ও পূট, লূদ ও সমস্ত আরব দেশ, লিবিয়া এবং নিয়মের অধীন দেশের লোকেরা যুদ্ধে মিশরের সঙ্গে মারা পড়বে।

6“ ‘সদাপ্রভু এই কথা বলেন, “ ‘মিশরের বন্ধু দেশের লোকেরা ধ্বংস হয়ে যাবে এবং তার শক্তির গর্ব অকৃতকার্য হবে। মিগ্‌দোল থেকে সিবেনী পর্যন্ত লোকেরা তার মধ্যেই যুদ্ধে মারা পড়বে, সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন।

7তারা জনশূন্য হবে জনশূন্য দেশের মধ্যে আর তাদের নগরগুলি পড়ে থাকবে ধ্বংস হওয়া নগরগুলি মধ্যে।

8তখন তারা জানবে যে আমিই সদাপ্রভু, যখন আমি মিশরে আগুন লাগাব এবং তার সমস্ত সাহায্যকারী চুরমার হয়ে যাবে।

9“ ‘সেদিন নিশ্চিন্তে থাকা কূশকে ভয় দেখাবার জন্য সংবাদ বহনকারীরা আমার আদেশে জাহাজে করে বের হয়ে যাবে। মিশরের শেষ দিনে কূশের যন্ত্রণা হবে, কারণ সেদিন তার উপরেও নিশ্চয় আসবে।

10“ ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, “ ‘ব্যাবিলনের রাজা নেবুখাদনেজারের হাত দিয়ে মিশরের মস্ত বড়ো দলকে আমি শেষ করে দেব।

11সে এবং তার সৈন্যদলকে—জাতিগণের মধ্যে যারা সবচেয়ে নিষ্ঠুর, আনা হবে দেশকে ধ্বংস করার জন্য। তারা মিশরের বিরুদ্ধে তাদের তরোয়াল ধরবে আর নিহত লোকদের দিয়ে দেশ ভরিয়ে দেবে।

12আমি নীলনদের স্রোত শুকিয়ে ফেলব এবং মন্দ জাতির কাছে দেশটা বিক্রি করে দেব; বিদেশিদের হাত দিয়ে দেশ ও তার মধ্যেকার সবকিছুকে আমি ধ্বংস করব।

13“ ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন “ ‘আমি প্রতিমাগুলি ধ্বংস করব এবং মেম্ফিস থেকে অবস্তু-প্রতিমাগুলি শেষ করে দেব। মিশরে আর কোনও শাসনকর্তা থাকবে না, এবং দেশের সর্বত্র আমি ভয় ছড়িয়ে দেব।

14আমি মিশরের উপরের এলাকাটিকে পতিত জমি করে ফেলে রাখব, সোয়নে আগুন লাগাব এবং থিব্‌সকে শাস্তি দেব।

15আমি মিশরের দুর্গ, সীন নগরের উপর আমার ক্রোধ ঢেলে দেব, এবং থিব্‌সের সমস্ত লোককে ছেঁটে ফেলে দেব।

16আমি মিশরে আগুন লাগাব; সীন নগর যন্ত্রণায় ছটফট করবে। থিব্‌সের বিরুদ্ধে লোকেরা হঠাৎ আসবে; মেম্ফিসের নিয়মিত যন্ত্রণায় থাকবে।

17আবেন ও পী-বেশতের যুবকেরা যুদ্ধে মারা যাবে, এবং নগরগুলি নিজেরাই বন্দিদশায় যাবে।

18তফন্‌হেষে দিনের বেলা অন্ধকার হয়ে যাবে যখন আমি মিশরের জোয়াল ভাঙব; সেখানে তার শক্তির গর্ব শেষ হয়ে যাবে। সে মেঘে ঢেকে যাবে, তার গ্রামগুলি বন্দিদশায় যাবে।

19এইভাবে আমি মিশরকে শাস্তি দেব, আর তারা জানবে যে আমিই সদাপ্রভু।’ ” ফরৌণের হাত ভেঙে দেওয়া হয়েছে

20দশম বছরের, দশম মাসের সাত দিনের দিন, সদাপ্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হল,

21“হে মানবসন্তান, আমি মিশরের রাজা ফরৌণের হাত ভেঙে দিয়েছি। ভালো হবার জন্য সেই হাত কাপড় দিয়ে বাঁধা হয়নি যাতে সেটি তরোয়াল ধরার জন্য উপযুক্ত শক্তি পায়।

22এই জন্য সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, আমি মিশরের রাজা ফরৌণের বিরুদ্ধে। আমি তার দুই হাতই ভেঙে দেব, ভালো ও ভাঙা উভয় হাতই, এবং তার হাত থেকে তরোয়াল ফেলে দেব।

23আমি মিশরীয়দের বিভিন্ন জাতি ও দেশের মধ্যে ছড়িয়ে দেব।

24আমি ব্যাবিলনের রাজার হাত শক্তিশালী করব এবং আমার তরোয়াল তার হাতে দেব, কিন্তু আমি ফরৌণের হাত ভেঙে দেব, তাতে সে ব্যাবিলনের রাজার সামনে আহত লোকের মতো কাতরাবে।

25আমি ব্যাবিলনের রাজার হাত শক্তিশালী করব, কিন্তু ফরৌণের হাত ঝুলে পড়বে। আমি যখন আমার তরোয়াল ব্যাবিলনের রাজার হাতে দেব আর সে মিশরের বিরুদ্ধে তা চালাবে, তখন তারা জানবে যে আমিই সদাপ্রভু।

26আর আমি মিশরীয়দের বিভিন্ন জাতি ও দেশের মধ্যে ছড়িয়ে দেব। তখন তারা জানবে যে আমিই সদাপ্রভু।”

Sources and attribution