KING JAMES BIBLEখুঁজুন

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের

হিতোপদেশ 25

সব · হিতোপদেশখুঁজুন

1এগুলি শলোমনের লেখা আরও কিছু হিতোপদেশ, যেগুলি যিহূদারাজ হিষ্কিয়ের লোকজন সংকলিত করেছিলেন:

2কোনও বিষয় গোপন রাখা ঈশ্বরের পক্ষে গৌরবজনক; কোনও বিষয় খুঁজে বের করা রাজাদের পক্ষে গৌরবজনক।

3আকাশমণ্ডল যত উঁচু ও পৃথিবী যত গভীর, রাজাদের অন্তরও তেমনই অজ্ঞেয়।

4রুপো থেকে খাদ বের করে দাও, ও রৌপ্যকার এক পাত্র তৈরি করতে পারবে;

5রাজার উপস্থিতি থেকে দুষ্ট কর্মকর্তাদের দূর করে দাও, ও তাঁর সিংহাসন ধার্মিকতার মাধ্যমে সুপ্রতিষ্ঠিত হবে।

6রাজার সামনে নিজেকে মহিমান্বিত কোরো না, ও তাঁর বিশিষ্টজনেদের মধ্যে স্থান পাওয়ার দাবি জানিয়ো না;

7তাঁর গণ্যমান্য ব্যক্তিদের সামনে তোমাকে খেলো করার চেয়ে ভালো হয়, যদি তিনি তোমাকে বলেন, “এখানে উঠে এসো।” তুমি স্বচক্ষে যা দেখেছ

8তাড়াহুড়ো করে দরবারে তা নিয়ে এসো না, কারণ তোমার প্রতিবেশী যদি তোমায় লজ্জায় ফেলে দেয়, তবে শেষে তুমি কী করবে?

9তোমার প্রতিবেশীকে যদি তুমি দরবারে টেনে নিয়ে যাও, তবে অন্য কারোর আস্থা ভঙ্গ কোরো না,

10তা না হলে যে একথা শুনবে সে তোমাকে অপমান করবে ও তোমার বিরুদ্ধে ওঠা অভিযোগ বজায় থাকবে।

11ন্যায়সংগতভাবে দেওয়া রায় রুপোর ডালিতে সাজানো সোনার আপেলের মতো।

12শ্রবণশীল কানের কাছে জ্ঞানবান বিচারকের ভর্ৎসনা কানের সোনার দুল বা খাঁটি সোনার এক অলংকারের মতো।

13যারা নির্ভরযোগ্য দূত পাঠায়, তাদের কাছে সে ফসল কাটার মরশুমে পাওয়া হিমশীতল পানীয়ের মতো: সে তার মালিকের প্রাণ জুড়ায়।

14যে সেইসব উপহারের বিষয়ে অহংকার করে যা কখনও দেওয়া হয়নি সে বৃষ্টিবিহীন মেঘ ও বাতাসের মতো।

15ধৈর্যের মাধ্যমে শাসককে প্ররোচিত করা যায়, ও অমায়িক জিভ অস্থি ভেঙে দিতে পারে।

16যদি তুমি মধু পাও, তবে যথেষ্ট পরিমাণে খাও— প্রচুর পরিমাণে খেলে তুমি তা বমি করে ফেলবে।

17তোমার প্রতিবেশীর বাড়িতে কদাচিৎ পা রেখো— ঘনঘন সেখানে যাও, ও তারা তোমাকে ঘৃণা করবে।

18যে প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেয় সে গদা বা তরোয়াল বা ধারালো তিরের মতো।

19সংকটকালে বিশ্বাসঘাতকের উপর নির্ভর করা ভাঙা দাঁত বা খোঁড়া পায়ের উপর নির্ভর করার মতো বিষয়।

20যার অন্তর ভারাক্রান্ত, তার কাছে যে গান গায় সে সেই মানুষটির মতো, যে শীতকালে অন্যের কাপড় কেড়ে নেয়, বা ক্ষতস্থানে সিরকা ঢেলে দেয়।

21তোমার শত্রু যদি ক্ষুধার্ত, তবে খাওয়ার জন্য তাকে খাদ্য দাও; সে যদি তৃষ্ণার্ত, তবে পান করার জন্য তাকে জল দাও।

22এরকম করলে, তুমি তার মাথায় জ্বলন্ত কয়লার স্তূপ চাপিয়ে দেবে ও সদাপ্রভু তোমাকে পুরস্কৃত করবেন।

23যে চাতুর্যপূর্ণ জিভ সন্ত্রাসিত দৃষ্টি উৎপন্ন করে তা এমন উত্তুরে বাতাসের মতো, যা অপ্রত্যাশিত বৃষ্টি নিয়ে আসে।

24কলহপ্রিয়া স্ত্রীর সঙ্গে এক বাড়িতে থাকার চেয়ে ছাদের এক কোনায় বসবাস করা ভালো।

25দূরবর্তী দেশ থেকে আসা সুসংবাদ সেই ঠান্ডা জলের মতো, যা পরিশ্রান্ত মানুষকে দেওয়া হয়েছে।

26দুষ্টদের হাতে যারা নিজেদের সঁপে দেয়, সেই ধার্মিকেরা ঘোলাটে জলের উৎস বা দূষিত কুয়োর মতো।

27অতিরিক্ত মধু খাওয়া ভালো নয়, খুব জটিল সব বিষয়ের খোঁজ করতে যাওয়াও সম্মানজনক নয়।

28যার আত্মসংযমের অভাব আছে সে এমন এক নগরের মতো, যেখানকার প্রাচীরগুলি ভেঙে গিয়েছে।

Sources and attribution