KING JAMES BIBLEখুঁজুন

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের

গীত 108

সব · গীতখুঁজুন

1হে ঈশ্বর, আমার হৃদয় তোমাতে অবিচল; আমি আমার সমস্ত প্রাণ দিয়ে গান গাইব ও সংগীত রচনা করব।

2জেগে ওঠো, বীণা ও সুরবাহার! আমি প্রত্যুষকে জাগিয়ে তুলব।

3হে সদাপ্রভু, জাতিদের মাঝে আমি তোমার প্রশংসা করব; লোকেদের মাঝে আমি তোমার স্তব করব।

4কারণ তোমার অবিচল প্রেম আকাশমণ্ডলের ঊর্ধ্বে; তোমার বিশ্বস্ততা গগনচুম্বী।

5হে ঈশ্বর, আকাশমণ্ডলের ঊর্ধ্বে গৌরবান্বিত হও; তোমার মহিমা সারা পৃথিবীতে ব্যাপ্ত হোক।

6তোমার ডান হাত দিয়ে তুমি আমাদের রক্ষা করো ও সাহায্য করো, যেন তারা উদ্ধার পায় যাদের তুমি ভালোবাসো।

7ঈশ্বর তাঁর পবিত্রস্থান থেকে কথা বলেছেন: “জয়ধ্বনিতে আমি শিখিম বিভক্ত করব, সুক্কোতের উপত্যকা আমি পরিমাপ করে দেব।

8গিলিয়দ আমার, মনঃশিও আমার; ইফ্রয়িম আমার শিরস্ত্রাণ, যিহূদা আমার রাজদণ্ড।

9মোয়াব আমার হাত ধোয়ার পাত্র, ইদোমের উপরে আমি আমার চটি নিক্ষেপ করব; ফিলিস্তিয়ার উপরে আমি জয়ধ্বনি করব।”

10কে আমাকে সুরক্ষিত নগরের মধ্যে নিয়ে যাবে? কে ইদোম পর্যন্ত আমাকে পথ দেখাবে?

11হে ঈশ্বর, তুমি কি আমাদের ত্যাগ করেছ? তুমি কি আমাদের সৈন্যদলের সাথে আর যাবে না?

12আমাদের শত্রুদের বিরুদ্ধে সাহায্য করো, কারণ মানুষের সাহায্য নিষ্ফল।

13ঈশ্বরের সাথে আমরা জয়লাভ করব, এবং তিনি আমাদের শত্রুদের পদদলিত করবেন।

Sources and attribution