KING JAMES BIBLEখুঁজুন

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের

গীত 132

সব · গীতখুঁজুন

1হে সদাপ্রভু, দাউদকে আর তার সব আত্মত্যাগ মনে রেখো।

2তিনি সদাপ্রভুর কাছে এক শপথ করেছিলেন, তিনি যাকোবের পরাক্রমী ব্যক্তির কাছে মানত করেছিলেন:

3“আমি নিজের গৃহে প্রবেশ করব না অথবা নিজের বিছানায় শয়ন করব না,

4আমি নিজের চোখে ঘুম আসতে দেব না অথবা চোখের পাতায় তন্দ্রা আসতে দেব না,

5যতদিন না পর্যন্ত আমি সদাপ্রভুর জন্য এক স্থান, যাকোবের পরাক্রমী ব্যক্তির জন্য এক আবাস খুঁজে পাই।”

6দেখো, আমরা ইফ্রাথায় তাঁর সংবাদ শুনেছিলাম জায়ারের ক্ষেতে তাঁর সন্ধান পেয়েছিলাম:

7“চলো, আমরা তাঁর আবাসে যাই, তাঁর পাদপীঠে এই বলে আমরা তাঁর আরাধনা করি,

8‘হে সদাপ্রভু, ওঠো, আর তোমার বিশ্রামস্থানে এসো, তুমি ও তোমার পরাক্রমের সিন্দুক।

9তোমার পুরোহিতবৃন্দ যেন তোমার ধার্মিকতায় বিভূষিত হয়, তোমার বিশ্বস্ত লোকেরা তোমার আনন্দগান করুক।’ ”

10তোমার দাস দাউদের কারণে তোমার অভিষিক্ত ব্যক্তিকে পরিত্যাগ কোরো না।

11সদাপ্রভু দাউদের কাছে এক শপথ, এক সুনিশ্চিত শপথ করেছিলেন, যা তিনি ভাঙবেন না: “তোমার বংশে জাত এক সন্তানকে আমি তোমার সিংহাসনে বসাব।

12যদি তোমার সন্তানেরা আমার নিয়ম এবং বিধিবিধান মান্য করে যা আমি তাদের শিক্ষা দিয়েছি, তবে তাদের সন্তানেরা চিরকাল ধরে তোমার সিংহাসনে বসবে।”

13সদাপ্রভু জেরুশালেমকে মনোনীত করেছেন, তিনি তাঁর নিবাসের জন্য তা এই বলে বাসনা করেছেন যে,

14“এই আমার চিরকালের বিশ্রামস্থান; আমি এই স্থানেই অধিষ্ঠিত রইব, কারণ আমি এই বাসনা করেছি।

15আমি এই স্থানকে আশীর্বাদ করব আর সমৃদ্ধশালী করব; তার দরিদ্রদের আমি খাবার দিয়ে পরিতৃপ্ত করব।

16আমি তার যাজকদের পরিত্রাণ দিয়ে আবৃত করব, আর তার বিশ্বস্ত দাসেরা আনন্দগান গাইবে।

17“আমি এখানে দাউদের জন্য এক শিং উত্থাপন করব এবং আমার অভিষিক্ত ব্যক্তির জন্য একটি প্রদীপ জ্বেলে দেবো।

18আমি তাঁর শত্রুদের লজ্জায় আবৃত করব, কিন্তু তাঁর মাথা উজ্জ্বল মুকুটে সুশোভিত হবে।”

Sources and attribution