KING JAMES BIBLEখুঁজুন

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের

গীত 135

সব · গীতখুঁজুন

1সদাপ্রভুর প্রশংসা করো। সদাপ্রভুর নামের প্রশংসা করো; সদাপ্রভুর সেবকেরা, তাঁর স্তুতিগান করো,

2তোমরা যারা সদাপ্রভুর গৃহে পরিচর্যা করো, আমাদের ঈশ্বরের গৃহের প্রাঙ্গণে।

3সদাপ্রভুর প্রশংসা করো কারণ সদাপ্রভু মঙ্গলময়; তাঁর নামের উদ্দেশে স্তুতিগান করো কারণ তা মনোরম।

4সদাপ্রভু নিজের জন্য যাকোবকে, আর তাঁর অমূল্য সম্পদরূপে ইস্রায়েলকে মনোনীত করেছেন।

5আমি জানি সদাপ্রভু মহান, আমাদের প্রভু সব দেবতার ঊর্ধ্বে।

6আকাশমণ্ডলে ও পৃথিবীতে, সমুদ্রে ও সমস্ত জলধির মধ্যে, সদাপ্রভুর যা ইচ্ছা তাই করেন।

7তিনি পৃথিবীর প্রান্তদেশ থেকে মেঘ উত্থাপন করেন; তিনি বৃষ্টির সঙ্গে বিদ্যুৎ প্রেরণ করেন, আর তাঁর ভাণ্ডার থেকে বায়ু বের করে আনেন।

8তিনি মিশরের প্রথমজাতদের বিনাশ করেছিলেন, মানুষ ও পশুর প্রথমজাতদের।

9হে মিশর, ফরৌণ ও তার অনুচরদের বিপক্ষে, তিনি তোমার মাঝে চিহ্ন ও আশ্চর্য কাজ পাঠিয়েছিলেন।

10তিনি বহু জাতিকে আঘাত করেছিলেন এবং শক্তিশালী রাজাদের বধ করেছিলেন—

11ইমোরীয়দের রাজা সীহোনকে, বাশনের রাজা ওগকে এবং কনানের সমস্ত রাজাকে—

12এবং তিনি তাদের দেশ অধিকারস্বরূপ দিলেন, তাঁর প্রজা ইস্রায়েলকে অধিকার দিলেন।

13তোমার নাম, হে সদাপ্রভু, অনন্তকালস্থায়ী, তোমার খ্যাতি, হে সদাপ্রভু, সব প্রজন্মের কাছে পরিচিত।

14সদাপ্রভু তাঁর প্রজাদের ন্যায়বিচার করবেন আর তাঁর দাসদের প্রতি করুণা করবেন।

15জাতিদের প্রতিমাগুলি রুপো ও সোনা দিয়ে তৈরি, মানুষের হাতে গড়া।

16তাদের মুখ আছে, কিন্তু তারা কথা বলতে পারে না, চোখ আছে, কিন্তু তারা দেখতে পায় না।

17তাদের কান আছে, কিন্তু তারা শুনতে পায় না, এমনকি তাদের মুখে প্রাণের নিঃশ্বাস নেই।

18যারা প্রতিমা তৈরি করে তারা তাদের মতোই হবে, আর যারা সেগুলির উপর আস্থা রাখে তারাও তেমনই হবে।

19হে ইস্রায়েলের কুল, সদাপ্রভুর প্রশংসা করো; হে হারোণের কুল, সদাপ্রভুর প্রশংসা করো;

20হে লেবীয় কুল, সদাপ্রভুর প্রশংসা করো; তোমরা যারা তাঁকে সম্ভ্রম করো, সদাপ্রভুর প্রশংসা করো।

21সিয়োন থেকে সদাপ্রভুর প্রশংসা হোক, কারণ তিনি জেরুশালেমে বসবাস করেন। সদাপ্রভুর প্রশংসা করো।

Sources and attribution