Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
গীত 137
1যখন সিয়োনের কথা আমাদের মনে পড়ত ব্যাবিলনের নদীতীরে বসে আমরা কাঁদতাম।
2আমরা সেখানে চিনার গাছে বীণাগুলি ঝুলিয়ে রাখতাম,
3কারণ সেখানে আমাদের বন্দিকারীরা গান শুনতে চাইত, আমাদের অত্যাচারীরা আনন্দগানের দাবি করত; তারা বলত “সিয়োনের গান, একটি গান আমাদের শোনাও!”
4কিন্তু কীভাবে আমরা সদাপ্রভুর গান গাইব যখন আমরা বিদেশে বসবাস করছি?
5হে জেরুশালেম, আমি যদি তোমাকে ভুলে যাই, তবে যেন আমার ডান হাত তার দক্ষতা হারিয়ে ফেলে।
6যদি আমি তোমাকে ভুলে যাই, আর যদি আমি জেরুশালেমকে আমার সর্বাধিক আনন্দ বলে গণ্য না করি, তবে যেন আমার জিভ মুখের তালুতে আটকে যায়।
7হে সদাপ্রভু, মনে রেখো, যেদিন জেরুশালেমকে বন্দি করা হয়েছিল সেদিন ইদোমীয়রা যা করেছিল। তারা জোর গলায় বলেছিল, “উপড়ে ফেলো, সমূলে উপড়ে ফেলো!”
8হে ব্যাবিলনের কন্যা, তুমি ধ্বংস হবে, ধন্য সেই যে তোমাকে সেরকম প্রতিফল দেবে যে রকম তুমি আমাদের প্রতি করেছিলে।
9ধন্য সেই যে তোমাদের শিশুদের ধরে আর পাথরের উপরে আছড়ায়।