KING JAMES BIBLEখুঁজুন

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের

গীত 145

সব · গীতখুঁজুন

1হে আমার ঈশ্বর, আমার রাজা, আমি তোমাকে মহিমান্বিত করব; চিরকাল আমি তোমার নামের প্রশংসা করব।

2প্রতিদিন আমি প্রশংসা করব আর চিরকাল তোমার নামের উচ্চপ্রশংসা করব।

3সদাপ্রভু মহান ও অতীব প্রশংসার যোগ্য; কেউ তাঁর মহানতার পরিমাপ করতে পারে না।

4এক প্রজন্ম তাদের সন্তানসন্ততিদের কাছে তোমার কাজের প্রশংসা করবে; আর তোমার পরাক্রমী কাজকর্ম বর্ণনা করবে।

5তারা তোমার মহিমার গৌরব ও প্রভা ঘোষণা করবে আর আমি তোমার আশ্চর্য কাজ ধ্যান করব।

6আর লোকে তোমার ভয়াবহ কাজের কথা বলবে, আর আমি তোমার মহিমা বর্ণনা করব।

7তারা তোমার অজস্র ধার্মিকতা প্রচার করবে, আর মহানন্দে তোমার ন্যায়পরায়ণতার বিষয়ে গান করবে।

8সদাপ্রভু কৃপাময় ও স্নেহশীল, ক্রোধে ধীর ও দয়াতে মহান।

9সদাপ্রভু সকলের প্রতি মঙ্গলময়; নিজের সব সৃষ্টির প্রতি তাঁর করুণা অপার।

10হে সদাপ্রভু, তোমার সব কাজকর্ম তোমার প্রশংসা করে; তোমার বিশ্বস্ত লোকেরা তোমার উচ্চপ্রশংসা করে।

11তোমার রাজ্যের মহিমা তারা প্রচার করে, আর তোমার পরাক্রমের কথা বলে,

12যেন সব মানুষ তোমার পরাক্রমী কাজকর্ম আর তোমার রাজ্যের অপরূপ প্রতাপের কথা জানতে পারে।

13তোমার রাজত্ব অনন্তকালস্থায়ী রাজত্ব, আর তোমার আধিপত্য বংশপরম্পরায় স্থায়ী। সদাপ্রভু তাঁর সব প্রতিশ্রুতিতে অবিচল, এবং তিনি যা করেন সবকিছুতেই নির্ভরযোগ্য।

14যারা পতনের সম্মুখীন, সদাপ্রভু তাদের সবাইকে ধরে রাখেন আর যারা অবনত তাদের সবাইকে তিনি তুলে ধরেন।

15সবার চোখ তোমার দিকে তাকিয়ে থাকে, আর যথাসময়ে তুমি তাদের খাবার জোগাও।

16তুমি তোমার হাত উন্মুক্ত করো, আর সব জীবন্ত প্রাণীর অভিলাষ পূর্ণ করো।

17সদাপ্রভু তাঁর সব কাজে ন্যায়পরায়ণ আর যা করেন সবকিছুতেই বিশ্বস্ত।

18সদাপ্রভু তাদের সবার কাছে আছেন যারা তাঁকে ডাকে, সবার কাছে আছেন যারা তাঁকে সত্যে আহ্বান করে।

19যারা তাঁকে সম্ভ্রম করে তিনি তাদের আকাঙ্ক্ষা পূর্ণ করেন; তিনি তাদের কান্না শোনেন আর তাদের রক্ষা করেন।

20যারা তাঁকে ভালোবাসে, তিনি তাদের প্রতি দৃষ্টি রাখেন, কিন্তু দুষ্টদের সবাইকে তিনি ধ্বংস করবেন।

21আমার মুখ সদাপ্রভুর প্রশংসা করবে, আর প্রত্যেকটি প্রাণী যুগে যুগে ও চিরকাল তাঁর পবিত্র নামের প্রশংসা করবে।

Sources and attribution