KING JAMES BIBLEখুঁজুন

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের

গীত 37

সব · গীতখুঁজুন

1যারা দুষ্ট তাদের দিকে তাকিয়ে বিচলিত হোয়ো না যারা মন্দ কাজ করে তাদের দেখে ঈর্ষা কোরো না;

2কারণ ঘাসের মতো তারা অচিরেই শুকিয়ে যাবে, সবুজ লতার মতো তারা অচিরেই বিনষ্ট হবে।

3সদাপ্রভুতে আস্থা রাখো আর সদাচরণ করো; এই দেশে বসবাস করো আর নিরাপদ আশ্রয় উপভোগ করো।

4সদাপ্রভুতে আনন্দ করো, তিনিই তোমার মনের অভিলাষ পূর্ণ করবেন।

5তোমার চলার পথ সদাপ্রভুতে সমর্পণ করো; তাঁর উপর নির্ভর করো আর তিনি এসব করবেন:

6তিনি তোমার ধার্মিকতার পুরস্কার ভোরের মতো, আর তোমার সততা মধ্যাহ্নের সূর্যের মতো উজ্জ্বল করবেন।

7সদাপ্রভুর সামনে নীরব হও, ধৈর্য ধরে তাঁর প্রতীক্ষায় থাকো; যখন দুষ্ট ব্যক্তিরা তাদের জীবনে সফল হয়, যখন তারা তাদের মন্দ পরিকল্পনা কার্যকর করে, তখন বিচলিত হোয়ো না।

8রাগ থেকে দূরে থাকো আর ক্রোধ থেকে মুখ ফেরাও; বিচলিত হোয়ো না, তা কেবল মন্দের দিকে নিয়ে যায়।

9কারণ যারা দুষ্ট তারা ধ্বংস হবে, কিন্তু যারা সদাপ্রভুতে আশা রাখে তারা দেশের অধিকারী হবে।

10আর কিছুকাল পরেই দুষ্টদের অস্তিত্ব লোপ পাবে; তুমি তাদের খোঁজ করতে পারো কিন্তু তাদের পাওয়া যাবে না।

11কিন্তু যারা নম্র তারা দেশের অধিকারী হবে, এবং শান্তি ও প্রাচুর্য উপভোগ করবে।

12যারা দুষ্ট তারা ধার্মিকদের বিরুদ্ধে চক্রান্ত করে আর তাদের প্রতি ক্রোধে দন্তঘর্ষণ করে;

13কিন্তু সদাপ্রভু দুষ্টদের দিকে তাকিয়ে হাসেন কারণ তিনি জানেন যে তাদের দিন ঘনিয়ে আসছে।

14দুষ্টেরা তরোয়াল বের করে, আর ধনুকে গুণ পরায় কারণ তারা দরিদ্র ও অভাবী মানুষদের বিনাশ করতে চায়, যারা ন্যায়পরায়ণ তাদের হত্যা করতে চায়।

15কিন্তু তাদের তরোয়ালগুলি তাদের নিজেদের হৃদয় বিদ্ধ করবে, আর তাদের ধনুকও চূর্ণ হবে।

16বহু দুষ্টের ঐশ্বর্যের চেয়ে ধার্মিকের সামান্য সম্বল শ্রেয়;

17কারণ দুষ্টদের ক্ষমতা চূর্ণ হবে, কিন্তু সদাপ্রভু ধার্মিকদের ধারণ করেন।

18দিনের পর দিন সদাপ্রভু নির্দোষদের রক্ষা করেন আর তারা এমন এক অধিকার পাবে যা চিরস্থায়ী হবে।

19সংকটকালে তারা শুকিয়ে যাবে না; দুর্ভিক্ষের দিনে তারা প্রাচুর্য উপভোগ করবে।

20কিন্তু দুষ্টেরা বিনষ্ট হবে: যদিও সদাপ্রভুর শত্রুরা মাঠের ফুলের মতো, তাদের গ্রাস করা হবে, আর তারা ধোঁয়ার মতো মিলিয়ে যাবে।

21দুষ্টেরা ঋণ নেয় কিন্তু পরিশোধ করে না, কিন্তু ধার্মিকেরা উদারতার সাথে দান করে;

22যাদের সদাপ্রভু আশীর্বাদ করেন তারা দেশের অধিকারী হবে, কিন্তু যাদের তিনি অভিশাপ দেন তারা ধ্বংস হবে।

23যে ব্যক্তি সদাপ্রভুতে আমোদ করে সদাপ্রভু তার পদক্ষেপ সুদৃঢ় করেন;

24হোঁচট খেলেও তার পতন হবে না, কারণ সদাপ্রভু তাকে স্বহস্তে ধরে রাখেন।

25আমি তরুণ ছিলাম এবং এখন প্রবীণ হয়েছি, কিন্তু আমি দেখিনি যে ধার্মিকদের পরিত্যাগ করা হয়েছে অথবা তাদের ছেলেমেয়েরা ভিক্ষা করছে।

26তারা সর্বদা উদার ও মুক্তহস্তে ঋণ দান করে, তাদের ছেলেমেয়েরা আশীর্বাদপ্রাপ্ত হয়।

27মন্দতা বর্জন করো আর সৎকাজ করো; তাহলে চিরকাল তোমরা দেশে বসবাস করবে।

28কারণ সদাপ্রভু ন্যায়পরায়ণকে ভালোবাসেন আর তিনি তাঁর বিশ্বস্তজনেদের পরিত্যাগ করবেন না। তারা চিরতরে রক্ষিত হবে; কিন্তু দুষ্টদের ছেলেমেয়েরা বিনষ্ট হবে।

29ধার্মিকেরাই দেশের অধিকারী হবে এবং তারা চিরকাল সেখানে বসবাস করবে।

30ধার্মিকদের মুখ জ্ঞানের কথা বলে, তাদের জিভ যা ন্যায্য তাই বলে।

31তাদের ঈশ্বরের বিধান তাদের অন্তরে আছে; আর তাদের পা পিছলায় না।

32যে দুষ্ট সে ধার্মিকদের পথ গোপনে লক্ষ্য রাখে, সে তাদের হত্যা করার চেষ্টা করে,

33কিন্তু সদাপ্রভু তাদের দুষ্টদের হাতে ছেড়ে দেবেন না বা তাদের বিচারে নিয়ে আসা হলে দোষী সাব্যস্ত হতে দেবেন না।

34সদাপ্রভুর আশায় থাকো আর তাঁর পথে অগ্রসর হও। তিনি তোমাকে দেশের অধিকার দেবার জন্য উন্নীত করবেন; যখন দুষ্টেরা ধ্বংস হবে, তোমরা দেখতে পাবে।

35আমি দুষ্ট ও নিষ্ঠুর ব্যক্তিদের দেখেছি স্বভূমিতে সতেজ গাছের মতো প্রসারিত হতে দেখেছি,

36কিন্তু আবার যখন দৃষ্টিপাত করেছি, তারা নিশ্চিহ্ন হয়েছে; আমি তাদের খোঁজার চেষ্টা করলেও তাদের সন্ধান পাওয়া যায়নি।

37নির্দোষদের কথা ভাবো, ন্যায়পরায়ণদের প্রতি দৃষ্টিপাত করো; যারা শান্তি খোঁজে তাদের এক ভবিষ্যৎ আছে,

38কিন্তু পাপীরা সবাই ধ্বংস হবে; দুষ্টদের কোনও ভবিষ্যৎ নেই।

39ধার্মিকদের পরিত্রাণ সদাপ্রভুর কাছ থেকেই আসে; সংকটকালে তিনিই তাদের আশ্রয় দুর্গ।

40সদাপ্রভু তাদের সাহায্য করেন ও তাদের উদ্ধার করেন; তিনি তাদের দুষ্টদের কবল থেকে উদ্ধার করেন ও মুক্ত করেন, কারণ তারা যে তাঁরই শরণাগত।

Sources and attribution