KING JAMES BIBLEখুঁজুন

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের

গীত 96

সব · গীতখুঁজুন

1তোমরা সদাপ্রভুর উদ্দেশে নতুন গান গাও; সমস্ত পৃথিবী, সদাপ্রভুর উদ্দেশে গীত গাও।

2সদাপ্রভুর উদ্দেশে গীত গাও; তাঁর নামের প্রশংসা করো; দিনের পর দিন তাঁর পরিত্রাণ ঘোষণা করো।

3সমস্ত জাতির মধ্যে তাঁর মহিমা আর সব লোকের মাঝে তাঁর বিস্ময়কর কাজের কথা প্রচার করো।

4সদাপ্রভু মহান এবং সর্বোচ্চ প্রশংসার যোগ্য; সব দেবতার উপরে তিনি সম্ভ্রমের যোগ্য।

5কারণ, জাতিগণের সমস্ত দেবতা কেবল প্রতিমা মাত্র, কিন্তু সদাপ্রভু আকাশমণ্ডল সৃষ্টি করেছেন।

6দীপ্তি ও প্রতাপ তাঁকে ঘিরে রেখেছে; পরাক্রম ও মহিমা তাঁর পবিত্রস্থান পূর্ণ করে।

7জাতিগণের সমস্ত কুল সদাপ্রভুকে স্বীকার করো, স্বীকার করো যে সদাপ্রভু মহিমান্বিত ও পরাক্রমী।

8সদাপ্রভুকে তাঁর যোগ্য মহিমায় মহিমান্বিত করো! নৈবেদ্য সাজিয়ে তাঁর প্রাঙ্গণে প্রবেশ করো।

9তাঁর পবিত্র শোভায় সদাপ্রভুর আরাধনা করো, সমস্ত পৃথিবী, তাঁর সামনে কম্পিত হও;

10জাতিগণের মধ্যে বলো, “সদাপ্রভু রাজত্ব করেন।” পৃথিবী দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত, তা বিচলিত হবে না; তিনি ন্যায়ে সব মানুষের বিচার করবেন।

11আকাশমণ্ডল আনন্দ করুক, পৃথিবী উল্লসিত হোক; সমুদ্র ও যা কিছু তার মধ্যে আছে, গর্জন করুক।

12সমস্ত ময়দান ও সেখানকার সবকিছু উল্লসিত হোক; জঙ্গলের সব গাছ আনন্দ সংগীত করুক।

13সমস্ত সৃষ্টি সদাপ্রভুর সামনে আনন্দ করুক, কারণ তিনি আসছেন, এই জগতের বিচার করার জন্য তিনি আসছেন। তিনি ধার্মিকতায় এই পৃথিবীর বিচার করবেন এবং তাঁর সত্য অনুযায়ী সব মানুষের বিচার করবেন।

Sources and attribution