KING JAMES BIBLEখুঁজুন

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের

গীত 88

সব · গীতখুঁজুন

1হে সদাপ্রভু, আমার পরিত্রাণের ঈশ্বর; দিনরাত আমি তোমার কাছে কেঁদে প্রার্থনা করি।

2আমার প্রার্থনা তোমার সামনে আসুক; আমার কান্নার প্রতি কর্ণপাত করো।

3কেননা আমার প্রাণ কষ্টে জর্জরিত আর আমার জীবন মৃত্যুর নিকটবর্তী।

4যারা মৃত্যুর গর্তে নেমে যায় আমি তাদের মধ্যে একজন; আমি শক্তিহীনের মতো হয়েছি।

5আমি মৃতদের মধ্যে পরিত্যক্ত, আমি কবরে শুয়ে থাকা নিহতদের মতো, যাদের তুমি আর মনে রাখো না, আর যারা তোমার যত্ন থেকে বিচ্ছিন্ন হয়েছে।

6তুমি আমাকে সবচেয়ে নিচের গর্তে ছুঁড়ে ফেলেছ, সবচেয়ে অন্ধকারের অতলে।

7তোমার ক্রোধ আমাকে ভারাক্রান্ত করেছে; ঢেউয়ের পর ঢেউ দিয়ে তুমি আমাকে আচ্ছন্ন করেছ।

8তুমি আমার প্রিয় বন্ধুদের আমার কাছ থেকে দূরে সরিয়েছ আর তাদের মাঝে আমাকে ঘৃণ্য করেছ। আমি অবরুদ্ধ, পালাতে পারি না;

9দুঃখে আমার চোখ ক্ষীণ হয়েছে। হে সদাপ্রভু, আমি প্রতিদিন তোমাকে ডাকি; তোমার প্রতি আমি আমার হাত উঠিয়েছি।

10তুমি কি তোমার আশ্চর্য কাজ মৃতদের দেখাও? তাদের মৃত আত্মা কি জেগে ওঠে ও তোমার প্রার্থনা করে?

11কবরের মধ্যে তোমার প্রেম আর ধ্বংসে তোমার বিশ্বস্ততা কি প্রচারিত হয়?

12অন্ধকারের স্থানে কি তোমার আশ্চর্য কাজ অথবা বিস্মৃতির দেশে কি তোমার ধার্মিক কার্যাবলি জানা যায়?

13হে সদাপ্রভু আমি তোমার কাছে সাহায্যের জন্য প্রার্থনা করি; সকালে আমার প্রার্থনা তোমার সামনে রাখি।

14কেন, হে সদাপ্রভু তুমি আমাকে পরিত্যাগ করেছ আর তোমার মুখ আমার কাছ থেকে ঢেকে রেখেছ?

15আমার যৌবনকাল থেকে আমি কষ্ট পেয়েছি আর মৃত্যুর কাছে থেকেছি; আমি তোমার ত্রাস বহন করেছি আর হতাশায় রয়েছি।

16তোমার ক্রোধ আমাকে বিহ্বল করেছে; তোমার ত্রাস সকল আমাকে ধ্বংস করেছে।

17বন্যার মতো তা সারাদিন আমাকে ঘিরে রাখে; সম্পূর্ণভাবে তা আমাকে গ্রাস করেছে।

18বন্ধু ও প্রতিবেশীকে তুমি আমার কাছ থেকে দূর করেছ, অন্ধকার আমার সবচেয়ে কাছের বন্ধু।

Sources and attribution